পুরুলিয়ার অরণ্যে হানি ব্যাজারের সন্ধান
হানি ব্যাজার (Honey Badger) একটি অসমসাহসী প্রাণী যারা নিজের চেয়ে অনেক বড় প্রাণী যেমন সিংহ বা চিতাবাঘের সামনেও ভয় পায় না।মূলত আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বনাঞ্চলেও দেখা যায়। এদের গায়ের রং কালো এবং মাথা থেকে পিঠ পর্যন্ত সাদা বা ধূসর রঙের একটি চওড়া দাগ থাকে। পশ্চিমবঙ্গে পুরুলিয়ায় Sarisha Wildlife and Ecology Society এর তরফে একটি ক্ষেত্র সমীক্ষায় প্রমাণ মিলল এই নিশাচর , স্বল্পদেখা প্রাণীটির উপস্থিতি। আলোচনায় সুচেতা গাঙ্গুলি।

পুরুলিয়ার জঙ্গলকে আমরা সাধারণত হাতি, চিতল, বুনো শূকর কিংবা স্লথ বিয়ারের মতো অপেক্ষাকৃত পরিচিত বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে দেখি। কিন্তু এই অঞ্চলে আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল—পুরুলিয়ার বনাঞ্চল ঝাড়খণ্ডের সঙ্গে সংযুক্ত একটি বৃহত্তর বনভূমির অংশ, যেখানে বহু ছোট ও কম-দেখা স্তন্যপায়ী প্রাণীর চলাচল এখনও অনেকটাই অজানা। এই অজানা জীববৈচিত্র্যকে নথিবদ্ধ করার উদ্দেশ্যেই ২০২৪ সালে Sarisha Wildlife and Ecology Society-এর পক্ষ থেকে পুরুলিয়া জেলায় একটি ছোট স্তন্যপায়ী প্রাণী সমীক্ষা পরিচালনা করা হয়।
২০২৪ সালের মার্চ থেকে মে মাস পর্যন্ত কোটশিলা রেঞ্জের সিমনি বটে আমাদের সমীক্ষার মূল লক্ষ্য ছিল গ্রীষ্মকালে ছোট স্তন্যপায়ী প্রাণীদের চলাচল বোঝা এবং বিশেষ করে বনাঞ্চলের জলাধার ও জলাশয়গুলির গুরুত্ব চিহ্নিত করা। গ্রীষ্মে অনেক প্রাকৃতিক জলাধার শুকিয়ে যাওয়ায় বন্যপ্রাণীদের চলাচল নির্দিষ্ট কিছু জলধারার আশেপাশেই কেন্দ্রীভূত হতে পারে। তাই ২ × ২ কিলোমিটারের গ্রিড ধরে জলাশয়, প্রাণীদের চলাচলের পথ এবং তাজা উইপোকার ঢিবির মতো সম্ভাব্য স্থানে ক্যামেরা ট্র্যাপ বসানো হয়।

এই কাজটি বাস্তবের মাটিতে আরও কার্যকর করে তুলতে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছিলেন কোটশিলার রেঞ্জ অফিসার গিরিধন রায়। বনাঞ্চলের স্থানীয় পরিস্থিতি, প্রাণীদের চলাচলের সম্ভাব্য পথ এবং উপযুক্ত ক্যামেরা ট্র্যাপের স্থান চিহ্নিত করার ক্ষেত্রে তাঁর সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁর সহায়তায় বিভিন্ন সম্ভাব্য স্থানে ক্যামেরা ট্র্যাপ স্থাপন করা হয়, আর সেই ক্যামেরাগুলিরই একটিতে ধরা পড়ে এমন একটি ছবি, যা পরবর্তীতে আমাদের সমীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কারে পরিণত হয়।

রেঞ্জ অফিসার গিরির পুরুলিয়ার জঙ্গল সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতা—যে বনকে তিনি কার্যত অন্য কারও মতো চেনেন—এই অসাধারণ ও গুরুত্বপূর্ণ "sighting"এর পিছনে অন্যতম প্রধান কারণ। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে মাঠপর্যায়ের এমন কর্মীদের অবদান অনেক সময় আড়ালে থেকে যায়। অথচ তাঁদের অভিজ্ঞতা, স্থানীয় জ্ঞান ও মাঠপর্যায়ের দক্ষতা বারবার বন্যপ্রাণী গবেষণা ও সংরক্ষণে এ গুরুত্বপূর্ণ তথ্য ও আবিষ্কার সামনে এনে দেয়। তাঁদের এই নীরব অবদান বন্যপ্রাণী গবেষণা ও সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান।
কোটশিলার বনাঞ্চলে লাগানো ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ে Honey Badger বা Ratel (Mellivora capensis)। গবেষণাপত্রে নথিভুক্ত এই প্রামাণ্য ফটোগ্রাফ পশ্চিমবঙ্গে প্রজাতিটির প্রথম নথিবদ্ধ photographic record হিসেবে উঠে আসে। মাত্র দুটি আলাদা স্থানে ক্যামেরা ট্র্যাপের ছবিতে আমরা মোট তিনটি পৃথক Honey Badger শনাক্ত করতে সক্ষম হই।
এর মধ্যে একটি প্রাণীকে ৯ এপ্রিল ২০২৪ তারিখে একটি জলাধারের কাছে দেখা যায়। অন্য ক্যামেরায় ৬ এপ্রিল রাতে ধরা পড়ে আরও দুটি প্রাণী—একটি স্ত্রী এবং অন্যটি একটি sub-adult। ক্যামেরা ট্র্যাপের ভিডিও ফুটেজে স্ত্রী প্রাণীটির গর্ভাবস্থারও ইঙ্গিত পাওয়া যায়। এই পর্যবেক্ষণটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ একই স্থানে একাধিক প্রাণীর উপস্থিতি এবং একটি sub-adult-এর সঙ্গে স্ত্রী প্রাণীর চলাচল এই অঞ্চলে Honey Badger-এর প্রজনন ও সামাজিক আচরণ সম্পর্কে নতুন প্রশ্ন তৈরি করে।একটি অপেক্ষাকৃত ছোট সমীক্ষা এলাকায় অল্প সময়ের মধ্যে তিনটি পৃথক প্রাণীর উপস্থিতি—তার মধ্যে একটি sub-adult এবং একটি সম্ভাব্য গর্ভবতী স্ত্রী—ইঙ্গিত করে যে এই ভূ-ভাগ প্রজাতিটির জন্য শুধু চলাচলের পথ নয়, সম্ভাব্য প্রজননের স্থানও হতে পারে।
Honey Badger সাধারণত নিশাচর এবং অত্যন্ত কম দেখা যায়। যদিও IUCN অনুযায়ী প্রজাতিটি
বর্তমানে Least Concern হিসেবে শ্রেণিবদ্ধ, গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে বাসস্থান ধ্বংস ও বিভিন্ন মানবসৃষ্ট চাপের কারণে এর সংখ্যা হ্রাস পাচ্ছে এবং ভারতে এই প্রাণী সম্পর্কে বিস্তারিত গবেষণাও তুলনামূলকভাবে সীমিত।
হানি ব্যাজার শুধু একটি বিরল বা কম-দেখা প্রাণী নয়; এটি একটি গুরুত্বপূর্ণ ecological generalist।
খাদ্যাভ্যাসে অত্যন্ত সুযোগসন্ধানী এই স্তন্যপায়ী প্রাণী ছোট মেরুদণ্ডী, সরীসৃপ, পাখি, পোকামাকড়,
উইপোকা, ছোট স্তন্যপায়ী এবং বিভিন্ন ধরনের অন্যান্য খাদ্য গ্রহণ করে। মাটিতে গর্ত খোঁড়ার আচরণ এবং মৃত প্রাণী খাওয়ার মাধ্যমে এটি একই সঙ্গে শিকারি, scavenger। তাই বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। বিশ্বে এর বিস্তৃতি মূলত sub-Saharan Africa থেকে আরব উপদ্বীপ, ইরান ও পশ্চিম এশিয়া হয়ে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত। ভারতে এর বিস্তৃতি দেশের বিভিন্ন অংশে নথিভুক্ত হলেও এর আচরন, সংখ্যা এবং বাসস্থানের ব্যবহার নিয়ে এখনও তুলনামূলকভাবে সীমিত গবেষণা রয়েছে।
আমাদের কাছে এই আবিষ্কারের গুরুত্ব শুধু এমন একটি বিরল প্রাণীর ছবি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। একটি ছোট সমীক্ষা এলাকায় অল্প সময়ের মধ্যে তিনটি Honey Badger-এর উপস্থিতি ইঙ্গিত করে যে পুরুলিয়ার এই অঞ্চল প্রজাতিটির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। একই এলাকায় Sloth Bear-এর উপস্থিতিও নথিভুক্ত হয়েছে, ফলে একই আবাসস্থলে দুই প্রজাতির বাসস্থানের ব্যবহার, খাদ্য এবং সম্ভাব্য প্রতিযোগিতা নিয়েও ভবিষ্যতে গবেষণার সুযোগ রয়েছে। আরও বড় প্রশ্নটি এখানেই। পুরুলিয়ার বন কি কেবল হাতির চলাচলের একটি করিডর, নাকি বৃহত্তর একটি
জীববৈচিত্রের আধার? পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সংযোগকারী এই অঞ্চলে হাতির চলাচল এবং সমৃদ্ধ
বনজ জীববৈচিত্র্য এই বনাঞ্চলের সংরক্ষণের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়।
এই ফলাফল আমাদের কাছে আসলে একটি নতুন যাত্রার শুরু। পুরুলিয়া-ঝাড়খণ্ড সংলগ্ন এই
বনভূমিতে Honey Badger কোথায় থাকে, কীভাবে চলাচল করে, কী খায়, কোন জলের উৎস ব্যবহার করে এবং মানুষের কার্যকলাপ তার উপর কী ধরনের প্রভাব ফেলছে—এই প্রশ্নগুলির উত্তর এখনও অনেকটাই অজানা। ভবিষ্যতে দীর্ঘমেয়াদি ক্যামেরা ট্র্যাপিং ও habitat-based গবেষণার মাধ্যমে এই প্রজাতির ecology এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে আরও স্পষ্টভাবে বোঝা সম্ভব হবে।
এই প্রেক্ষাপটে Sarisha Wildlife and Ecology Society বনদপ্তরের কাছে প্রস্তাব রেখেছে যে পুরুলিয়ার সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং হাতির উপস্থিতি ও চলাচলের গুরুত্ব বিবেচনা করে এই বনাঞ্চলকে বৃহত্তর Elephant Reserve conservation landscape হিসেবে বিবেচনা করা যেতে পারে। হাতি একটি keystone species—তার জন্য সুস্থ, সংযুক্ত ও নিরাপদ বাসস্থান রক্ষা হলে একই অঞ্চলে অসংখ্য ছোট, কম- দেখা এবং পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ প্রাণীও উপকৃত হবে। Honey Badger-এর এই photographic evidence যেন সেই বৃহত্তর সত্যেরই একটি ছোট কিন্তু জোরদার প্রমাণ: পুরুলিয়ার জঙ্গলে শুধু হাতি নয়, তার ছায়ায় চুপিচুপি বেঁচে আছে আরও অনেক রকম প্রাণী। তাদের খুঁজে বের করা, নথিবদ্ধ করা এবং তাদের বাসস্থান রক্ষা করাই হতে পারে আগামী দিনের সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
একজন ফিল্ড ওয়ার্কার হিসেবে আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হল—জঙ্গলে এইসব প্রাণীর নীরব উপস্থিতিগুলিকে প্রমাণসহ সামনে আনা। রেঞ্জ অফিসার ও বনদপ্তরের কর্মীদের সহযোগিতা ছাড়া এই মাঠপর্যায়ের কাজ এবং গুরুত্বপূর্ণ photographic evidence সংগ্রহ করা সম্ভব হত না।






